​জামিন পেলেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন

আপডেট : ১০ জুলাই ২০১৭, ২০:৫৩
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে হাজির হয়ে জামিন নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. জয়নুল আবেদীন। 
 
বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি আনম বশিরউল্লাহর ডিভিশন বেঞ্চ সোমবার তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 
 
স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব সংক্রান্ত তথ্য চেয়ে ২০১০ সালের ১৮ জুলাই বিচারপতি জয়নুলকে নোটিশ দেয় দুদক। দীর্ঘ সাত বছর পর ওই নোটিশের ওপর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। জামিন আবেদনে বলা হয়েছে, নোটিসের পর তিনি দু’বার দুদকে হাজির হয়েছিলেন। তার বিরুদ্ধে কোন মামলা নেই। তারপরও একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে মামলা না হলেও দুদক তাকে গ্রেপ্তার করতে পারে।
 
আবেদনের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন, দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। 
 
 
ইত্তেফাক/ইউবি