ব্যাট হাতে ব্যর্থ তামিম, দল হারলো ৭ উইকেটে

আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৩:০৮
 
কাউন্টি ক্রিকেটের শুরুটা যুতসই হলো না বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। রবিবার রাতে ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্টে নিজের প্রথম ম্যাচে কেন্টের বিপক্ষে মাত্র ৭ রান করেন এসেক্সের তামিম। তার ব্যর্থতার ম্যাচে কেন্টের কাছে ৭ উইকেটে হেরেছে এসেক্স।
 
কেন্টের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এসেক্স। তাই এসেক্সের হয়ে ইনিংস উদ্বোধন করেছিলেন তামিম ও বরুন চোপড়া। দেখে শুনেই ইনিংসের শুরুটা করেছিলেন তামিম। মুখোমুখি হওয়া প্রথম ৫ বল থেকে ১টি রান নিতে সক্ষম হন তিনি।
 
এসেক্সের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার অ্যাডাম মিলনকে ছক্কা মারেন তামিম। এতে ভালো কিছু করার ইঙ্গিতই দিয়েছিলেন এই টাইগার ওপেনার। কিন্তু পরের ডেলিভারিতেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন তামিম। ১৪ মিনিট ক্রিজে থেকে ৭ বলে ৭ রান করেন তামিম।
 
এরপর চোপড়ার ৪৭ ও রবি বোপারার ৪৫ রানের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ পায় এসেক্স। জবাবে ইংল্যান্ডের ওপেনার ড্যানিয়েল বেল ড্রুমমন্ডের ৫ বলে অপরাজিত ৯০ রানে ৯ বল হাতে রেখেই জয়ের  স্বাদ পায় কেন্ট।
 
আগামী ১৩ জুলাই সামারসেটের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে এসেক্স। বাসস
 
ইত্তেফাক/এমআর