মার্কিন যাত্রী জোসেফ ড্যানিয়েল হ্যাডক। বৃহস্পতিবার তিনি আমেরিকার সিয়াটল থেকে বেইজিংগামী ডেল্টা এয়ারলাইন্সের বিমানে চড়েন। উড্ডয়নের বেশ কিছুক্ষণ পর বিমানটি যখন প্রশান্ত মহাসাগরের কয়েক হাজার ফুট উপড়ে, ঠিক তখনই অদ্ভুত কিছু কাণ্ড শুরু করেন ওই ২৩ বছরের যুবক।
কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, হঠাৎই তালজ্ঞানশূন্য হয়ে বিমানের বেরোনোর দরজা খোলার চেষ্টা করতে শুরু করেন ওই যুকক। এসময় বাধা দিতে গিয়ে তার হাতে মারধরও খেয়ে বসেন কিছু বিমানকর্মী ও যাত্রীদের অনেকে। অবশেষে উপায় না দেখে ওই যুবকের মাথায় পরপর দু’বার দুটি মদের বোতল দিয়ে আঘাত করেন এক বিমানকর্মী। অবশেষে শান্ত হন ওই ক্ষেপাটে যুবক।
এমন কাণ্ডের পর ২০০ যাত্রীসহ ডেল্টা এয়ার লাইন্সের ৭৬৭ বোয়িং বিমানটিকে তড়িঘড়ি করে ফের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় অভিযুক্ত জোসেফ ড্যানিয়েল হ্যাডককে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছে। এক বিমানকর্মী ও যাত্রীকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, বিমানকর্মীকে মারধরের অভিযোগে অন্তত ২০ বছরের জেল হতে পারে হ্যাডকের। সঙ্গে ২৫ হাজার ডলারের জরিমানা। আপাতত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
IMG0
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্ত রিপোর্ট অনুযায়ী, বিমানকর্মীদের বিশেষ টিকিটে বৃহস্পতিবার ওই ৭৬৭ বোয়িং বিমানের প্রথম শ্রেণিতে ওঠেন হ্যাডক। উড্ডয়নের আগেই বিমানকর্মীদের কাছ থেকে একটি মদের বোতল চেয়ে নেন তিনি। তবে তাতে তার বিশেষ নেশা হয়নি বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। বিমানটি যখন প্রশান্ত মহাসাগর সংলগ্ল ভ্যাঙ্কুভার দ্বীপের উপর দিয়ে উড়ে যাচ্ছে, সে সময় শৌচাগারের দিকে এগিয়ে যান হ্যাডক। তারপর এক বিমানকর্মীকে প্রশ্ন করে ফের আসনে এসে বসেন। এর দু’মিনিটের মাথায় হঠাৎই বিমানের বাইরের দরজার কাছে গিয়ে সেটিকে খোলার চেষ্টা করতে থাকেন হ্যাডক।
সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন দু’জন বিমানকর্মী। তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন হ্যাডক। বাধ্য হয়েই যাত্রীদের সাহায্য চাওয়া হয়। সঙ্কেত পাঠানো হয় ককপিটেও। এসময় এক বিমানকর্মীর মুখে ঘুষি মারেন হ্যাডক। এক যাত্রীর মাথায় মদের বোতল দিয়ে আঘাতও করেন। এর পরেও হ্যাডককে থামানো যাচ্ছে না দেখে এক বিমানকর্মী বাধ্য হয়ে হ্যাডকের মাথায় দু’টি মদের বোতল দিয়ে আঘাত করেন। ভেঙে চুরমার হয়ে যায় বোতল দু’টি। এবিসি নিউজ।
ইত্তেফাক/সেতু
