‌'মেহেদীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন'

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১২:৫১
ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেহেদী হাসান মোল্লার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছেন ছাত্রলীগের বর্তমান ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসান।
 
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে সংহতি বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় চাঁদাবাজির মামলা করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। 
 
আবিদ আল হাসান বলেন, মেহেদী হাসান মোল্লার ছোঁয়ায় ছাত্ররাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছিল। তিনি যেমন মেধাবী ছাত্র ছিলেন তেমন রাজপথেও লড়াকু ছিলেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে অভিযোগ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কঠোর আন্দোলন করবে বলে তিনি বলেন। 
 
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান বলেন, আওয়ামী লীগের সঙ্গে ঘাপটি মেরে জামায়াত-বিএনপির প্রেতাত্মারা রয়েছে। তারা মেহেদীর মতো জনপ্রিয় ছাত্রনেতাদের ভয় পায়। তিনি মামলার জন্য তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। 
 
মানববন্ধন থেকে মাদারিপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। 
 
ইত্তেফাক/এমআই