‘ভালো ছবিগুলো হলে প্রদর্শন করুন’, বয়কট প্রসঙ্গে রিয়াজ

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১২:৩৯
 
আবারো উত্তাল চলচ্চিত্র ও সংশ্লিষ্ট অঙ্গন। চলচ্চিত্র অঙ্গনে এই অস্থিরতার মধ্যে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সহসভাপতি রিয়াজ উদ্দিন আহমেদকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই দুই অভিনেতাকে বয়কটের সিদ্ধান্ত জানানো হয়।
 
যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে পাল্টপাল্টি অবস্থানের মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের পর এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের কাদা ছোড়াছুড়ির মধ্যে প্রদর্শক সমিতির এই ঘোষণা এলো।
 
উল্লেখ্য, ঈদুল ফিতরে যৌথ প্রয়োজনার দুই চলচ্চিত্র ‘বস টু’ ও ‘নবাব’ মুক্তি দেওয়ার জের ধরে শারীরিকভাবে লাঞ্ছিত হন মধুমিতা প্রেক্ষাগৃহের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। সেই জের ধরে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
 
হলগুলোতে ছবি প্রদর্শন না করা প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমাদের ছবি তাদের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শন না করলে কোনো অসুবিধা নেই। এটা তাদের ব্যাপার। কারণ তারা হলের মালিক। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা আমাদের দেশের ভালো ছবিগুলো আপনাদের হলে প্রদর্শন করুন। আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা ভালো ভালো বাংলা ছবিতে কাজ করছে। বাংলাদেশের তরুণ পরিচালকরা ভালো ভালো ছবি নির্মাণ করছে। ভালো বাংলা ছবি যাতে দর্শকদের কাছে পৌঁছায়, সেটা আমরা চাই।’
 
ইত্তেফাক/আনিসুর