ফখরুলের ‘কান্না না মায়াকান্না’ তা নিয়ে ধোঁয়াশা আছে: হাছান মাহমুদ

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৮:১৮
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলীয় নেতা-কর্মীদের জন্য কান্না করতে দেখা গেলেও গ্রেনেড হামলা ও পেট্রোলবোমা হামলায় হতাহতদের জন্য কান্না করতে দেখা যায়নি।’
 
বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি এবং নতুন প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রায়ই তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে কান্না করতে দেখা যায়। তাঁর এটা কান্না না মায়াকান্না তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। কেননা যিনি মানুষের কষ্ট দেখে ব্যথিত হন তিনি সকল মানুষের কষ্ট দেখেই ব্যথিত হন।’
 
এ বিষয়ে ড. হাছান আরো বলেন, ‘যারা গ্রেনেড হামলা ও পেট্রোলবোমা হামলায় হতাহত হয়েছিলেন তাদের জন্য তো আপনাদের কখনও কাঁদতে দেখিনি। আর এখন দলীয় সন্ত্রাসীদের জন্য কান্নাকাটি করছেন।’
 

ইত্তেফাক/এএম।