সংসদে দুটি বিল পাস

আপডেট : ১২ জুলাই ২০১৭, ২১:৪৬
জাতীয় সংসদে বুধবার দুইটি বিল পাস ও একটি বিল উত্থাপিত হয়েছে। পাস হওয়া বিল দুটি হলো- ‘বাংলাদেশ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প বিল, ২০১৭’ এবং ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭’।
 
ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অধিকতর উন্নয়ন ও প্রসার ত্বরান্বিত করে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে জনগণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশন অ্যাক্ট, ১৯৫৭’ রহিতকল্পে যুগোপযোগী করে পুনঃপ্রণয়নের উদ্দেশে ‘বাংলাদেশ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প বিল, ২০১৭’ পাসের প্রস্তাব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে কণ্ঠভোটে বিলটি সংসদে পাস হয়।
 
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে গবেষণা পরিচালনার জন্য ‘বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩’ রহিতপূর্বক সময়োপযোগী করে পুনঃপ্রণয়নের উদ্দেশে ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭’ পাসের প্রস্তাব করলে সেটিও কণ্ঠভোটে গৃহীত হয়।
 
এ ছাড়া ‘দ্য গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স, ১৯৮৫’ রহিতপূর্বক সংশোধনসহ সেটা পুনঃপ্রণয়নের উদ্দেশে ‘কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল, ২০১৭’উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য বিলটি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি