ব্যস্ত নির্মাতা সাগর জাহান। তবে খুব বেশি কাজে চাপ না নিয়ে সময় নিয়েই কাজ করেন তিনি। সেই ক্ষেত্রে নাটকের মান নিয়ে সচেতন সবসময়। এই ঈদেও তার বেশ কয়েকটি নাটক প্রচার হয়। যার মধ্যে ‘আসলাম ভাই’ সিরিজের নাটকটি ভালো জনপ্রিয়তা পায়। ঈদের রেশ কাটতেই আবারও নাটক নিয়ে খবরের শিরোনামে জনপ্রিয় এই নির্মাতা।
আজ থেকে বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে তার নতুন ধারাবাহিক নাটক ‘ল্যাম্পপোস্ট’। নাটকটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা প্রচার হবে।
নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রহমত আলী, মোশাররফ করিম, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ।
সাগর জাহান বলেন, ‘এই নাটকটি আমাদের শহর কেন্দ্রিক। শহরে বাস করা বিভিন্ন সময়ের মানুষদের চিন্তা ও স্বপ্ন নিয়ে এই নাটকটি নির্মাণ করা। চেষ্টা করেছি দর্শকদের জন্য ভালো কিছু নির্মাণ করতে।’
ইত্তেফাক/আনিসুর
