হাইতিতে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৫:০৭
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের উপকণ্ঠে পেশনভিলে পৌরসভা পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এতে ওই এলাকার লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। 
 
দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত ব্যক্তির পেটে গুলি লাগে এবং মুখমণ্ডলেও আঘাতে চিহ্ন পাওয়া যায়। এতে তার বেশ রক্তক্ষরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পেশনভিল পৌরসভা পুলিশ রাস্তা থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেয়ার চেষ্টা চালালে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
 
নিহতের সহকর্মী জুলিয়েন জোসেফ বলেন, ‘সিটি হল হকার মুক্ত করার কথা বলা হয়। সে সেখানে বই বিক্রি করে অর্থ উপার্জন করে কোনমতে জীবনযাপন করছিল। এখন তাকে প্রাণটাই দিতে হলো।’ এ ব্যাপারে পুলিশের কোন মন্তব্য পাওয়া যায়নি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু