বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ পিসকিপিং অপারেশন (ডিপিকেও) এর প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়েরে ল্যাঁক্রুয়ারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ডিপিকেও এর প্রধান এ বছরের পহেলা অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিতব্য ডিফেন্স মিনিস্ট্রিয়াল কনফারেন্স এর প্রস্তুতিমূলক মিটিং নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষ থেকে উক্ত প্রস্তুতিমূলক সভা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ সচিব ডিপিকেও প্রধানকে জানান।
উল্লেখ্য, কানাডাতে চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ডিফেন্স মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। IMG0
বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয় এবং জাতিসংঘ সদরদপ্তরে পিসকিপিং অপারেশনের বিভিন্ন উচ্চ পদে বাংলাদেশি অফিসার পদায়নের সুপারিশ করা হয়। ডিপিকেও প্রধান বাংলাদেশি অফিসার পদায়নের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন মর্মে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে আশ্বস্ত করেন। ডিপিকেও প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগ্রেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ এ সাক্ষাৎ অনুষ্ঠানে পিসকিপিং অপারেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন ও সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এসময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাডভাইজর লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লইটি। IMG1
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা পারভীন, বাংলাদেশ বিমান বাহিনীর ওভারসিজ অপারেশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মঞ্জুর কবীর ভূইয়া, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এবং মিশনের ফাস্ট সেক্রেটারি (প্রেস) মো. নুরএলাহি মিনা।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেন। তিনি মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা ও কার্যক্রমের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে বিস্তারিত অবহিত করেন।IMG2
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ সচিব হাইতিতে নিযুক্ত জাতিসংঘের বাংলাদেশ শান্তিরক্ষা মিশন পরিদর্শন উপলক্ষ্যে আগামী ১৫ জুলাই হাইতির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।
