বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ জালাল আহম্মেদ সেলিম নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস্ গোয়েন্দা। আজ শুক্রবার সকালে তাকে আটক করা হয়।
তিনি নড়িয়া, শরিয়তপুর জেলার এয়াকুব আলীর ছেলে। জালাল একজন চিহ্নিত স্বর্ণ ব্যবসায়ী বলে জানান কাস্টমস্ গোয়েন্দারা। বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণ পাচার অব্যাহত রয়েছে। গত এক সপ্তাতে এ চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় তিনটি চালানে ৩২টি স্বর্ণের বার আটক হয়েছে।
বেনাপোল কাস্টমস্ গোয়েন্দা বিভাগের ডেপুটি পরিচালক আবদুস সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শুক্রবার সকালে বেনাপোল কাস্টম চেকপোস্ট দিয়ে ভারতে একটি স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে সন্দেহভাজন জালালকে আটক করা হয়। এ সময় শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল মোতালিব এবং গোয়েন্দা টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তার শরীরের বিশেষ স্থানে তল্লাশি করে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৫শ ৮০ গ্রাম।
উল্লেখ্য, গত ১১ জুলাই মঙ্গলবার বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট কাস্টমস্ ২০ পিস স্বর্ণের বারসহ আবু সালাম নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। ১২ জুলাই বুধবার বেনাপোল চেকপোস্ট থেকে ৭ পিচ স্বর্ণের বারসহ পারভেজ নামে একজনকে আটক করে বেনাপোল কাস্টমস্ গোয়েন্দা সদস্যরা।
ইত্তেফাক/এমআই
