ইয়র্কশায়ারের হয়ে পাঁচ ম্যাচ খেলবেন সরফরাজ

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৯:৩৯
ইংলিশ কাউন্টি ক্রিকেটে ন্যাটওয়েস্ট টুয়েন্টি-টুয়েন্টি ব্ল্যাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলবেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। চলমান মৌসুমে ইয়র্কশায়ারের হয়ে পাঁচ ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সরফরাজ। 
 
ভিসা ও এনওসি ঠিক-ঠাক পেয়ে গেলে আগামী ২৭ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন সরফরাজ। আগামী ৩ আগস্ট ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। ইয়র্কশায়ারের হয়ে শুধুমাত্র টি-২০ ম্যাচই খেলবেন সরফরাজ। এ ব্যাপারে সরফরাজ বলেন, ‘কাউন্টিতে শুধুমাত্র টি-২০ ম্যাচই খেলবো আমি। ইয়র্কশায়ারের হয়ে ভালো কিছু করতে চাই। কাউন্টি খেলার জন্য মুখিয়ে আছি।’
 
ফেভারিটের তকমা না নিয়েও, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে শিরোপা জয় করে পাকিস্তান। বিশ্বকে অবাক করে দিয়ে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলে তারা। ফলে সদ্যই পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্বও পেয়ে যান সরফরাজ। ক্রিকেটের তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক এখন সরফরাজ। 
 
সরফরাজের নেতৃত্বে এখন পর্যন্ত ৯ ওয়ানডেতে ৭টিতে জয় ও ২টি ম্যাচে হারে পাকিস্তান। টি-২০ ফরম্যাটেও তার অধীনে ভালো সাফল্য পেয়েছে পাকিস্তান। ৮ ম্যাচের ৭টি জয়ের বিপরীতে মাত্র ১টি হার ছিলো দলের। জিও নিউজ/ বাসস।
 
ইত্তেফাক/রেজা