বড়াইগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৭:৫৮

নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে তার স্বামীর বিরুদ্ধে। এনার্জি ড্রিঙ্কসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে হত্যায় অভিযুক্ত স্বামীর নাম শামিম হোসেন। নিহত গৃহবধূর নাম নার্গিস বেগম (২৩)।

শুক্রবার (০৫ এপ্রিল) সকালে তার কুজাইল গ্রামে তার মৃত্যু হয়। নার্গিস ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং পার্শ্ববর্তী মনপিড়িত গ্রামে তার শ্বশুরবাড়ি। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী শামিম হোসেন পলাতক।

পরিবারের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দিবাগত রাতে স্বামী শামিম হোসেন স্ত্রী নার্গিসকে এনার্জি ড্রিঙ্কস (টাইগার)  খাইয়ে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। এরপর থেকে নার্গিসের বুকে জ্বালাপড়া শুরু হয়। এ অবস্থায় রাতেই স্থানীয় চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। সকালে তার মৃত্যু হয়।

নার্গিসের বাবা-মায়ের অভিযোগ তিন দিন আগে শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় তার মেয়েকে মারপিটসহ নির্যাতন করে জামাই। সেখান থেকে মেয়ে তাদের বাড়িতে চলে আসে। গতকাল সন্ধ্যায় জামাই শামিম তাদের বাড়িতে আসে। রাতে টাইগার ড্রিংকসের সঙ্গে বিষ মিশিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে তার বাড়িতে চলে যায়। বিষক্রিয়ায় সকালে নার্গিসের মৃত্যু হয়। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে বিষ খাইয়ে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। 

আরও পড়ুনঃ নন্দীগ্রামে পাষণ্ড স্বামীর নির্যাতনে চোখ হারাতে বসেছেন স্ত্রী

ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে নাকি অন্য কোন কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নার্গিসের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ইত্তেফাক/নূহু