উত্তরপ্রদেশ বিধানসভার কক্ষ থেকে মারাত্মক বিস্ফোরক উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১০:৫৫
ভারতের উত্তরপ্রদেশ বিধানসভার কক্ষ থেকে মারাত্মক বিস্ফোরকভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেদেশের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সমাজবাদী পার্টির বিধায়ক রামগোবিন্দ চৌধুরীর আসনের নিচ থেকে বুধবার সাদা পাউডারের প্যাকেট উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। পরে ফরেনসিক পরীক্ষায় জানা যায়- তা মারাত্মক বিস্ফোরক পিইটিএন বা পেন্টাঅ্যারিথ্রিটল টেট্রা নাইট্রেট। 
 
খোদ বিধানসভা ভবনে এমন ভয়ানক বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে দেশটির সর্বত্র। এ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে (এনআইএ) তদন্তের সুপারিশ করেছে উত্তরপ্রদেশ বিধানসভা। জানা গেছে, বুধবার বিধানসভার বাজেট অধিবেশনের আগে রামগোবিন্দ চৌধুরীর আসনের তলায় একটি সাদা পাউডার ভর্তি প্যাকেট দেখতে পান সাফাইকর্মীরা। খবর দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকে। প্যাকেটটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠান নিরাপত্তারক্ষীরা। গতকাল রিপোর্ট দিয়েছে ফরেনসিক দল। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই সন্দেহজনক পাউডার আসলে পিইটিএন বা পেন্টাঅ্যারিথ্রিটল টেট্রা নাইট্রেট। যা জঙ্গিরা বড় নাশকতার ক্ষেত্রে বোমা তৈরির মশলা হিসেবে ব্যবহার করে। এর আগেও বড় বিস্ফোরণে এই প্লাস্টিক বিস্ফোরক ব্যবহার হয়েছে। প্যাকেটটিতে ১৫০ গ্রাম বিস্ফোরক ছিল।
IMG0
বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে এই বিস্ফোরক শনাক্ত করা খুব কঠিন। এক্স-রে স্ক্যানার কিংবা কুকুরও অনেক সময়ে এই রঙহীন বিস্ফোরক খুঁজে পায় না। অথচ সামান্য উত্তাপ বা বিদ্যুতের সংস্পর্শে এলেই মারাত্মক বিস্ফোরণ ঘটাতে পারে পিইটিএন। ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাত্র ৫০০ গ্রাম পিইটিএন পাউডারই গোটা বিধানসভা উ়ড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নানা দেশেই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে পিইটিএনের কেনাবেচা নিয়ে।
IMG1
এ ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে তিনি বিধানসভায় বলেন, ‘এটা জঙ্গিদের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিধানসভার সুরক্ষা আমাদের দায়িত্ব। উত্তরপ্রদেশ সরকার এনআইএ তদন্ত চেয়েছে।’ পরে এনআইএ তদন্ত চেয়ে একটি প্রস্তাবও পাশ হয়। বিধানসভায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। প্রাথমিক তদন্তে নেমে দেওরিয়া জেলার তারকুলবা থানা এলাকা থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, ১৫ আগস্ট বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উড়ো ফোন করেছিল ফারহান আহমেদ নামে ওই যুবক। তার মোবাইল আটক করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু