কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস্থ শাহপরীদ্বীপ হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই লাখ ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে। শনিবার ভোরে ইয়াবা বহনকারী ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোরর জেলার সারসা থানা গোয়া বাগান পাড়া গ্রামের ট্রাক চালক আব্দুর রশিদের ছেলে মিন্টু আলী (২৭) ও হেলপার একই জেলার কালী আলী গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো ট- ২০-৫১১১ নাম্বারের একটি ট্রাক শনিবার ভোরে উখিয়ার ঘাট বালুখালী কাস্টম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছলে পুলিশ ব্যারিকেট দিয়ে গাড়িটি গতিরোধ করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ছাউনির নিচের বক্সের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্লাস্টিক মোড়ানো ২৭৫টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। এতে প্যাকেটে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ছিল।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, উত্তর বঙ্গের সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র ইতিপূর্বেও অনুরূপভাবে ইয়াবার চালান পাচার করে আসছে দীর্ঘ দিন ধরে। তাদের পেছনে থাকা সোর্স মারফত খবরের সূত্রতায় শনিবার রাতভর হাইওয়ে পুলিশ সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ। অবশেষে শনিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে ইয়াবার চালান বহনকারী খালি ট্রাকটি উখিয়ার ঘাট কাস্টম চেকপোষ্ট অতিক্রমকালে হাইওয়ে পুলিশের ব্যারিকেটে পড়ে যায়। ট্রাকের পেছনে বিশেষ কৌশলে টুল বক্সের সঙ্গে নির্মিত আলাদা একটি বক্স থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রাজেশ বড়ুয়া বাদী হয়ে উখিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, পুলিশের ইতিহাসে আটককৃত ইয়াবা সব চেয়ে বড় চালান। ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজন আরো বড় চালান আটক করতে সক্ষম হলেও হাইওয়ে পুলিশের জন্য এটি উল্লেখ যোগ্য।
ইত্তেফাক/কেকে
