‘আপনার ঘরের ভেতরে যেয়ে আমি মশারি খাটাতে পারব না’ রাজধানীতে চিকুনগুনিয়ার ব্যাপক বিস্তারের পর শুক্রবার এ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। একদিন পর এ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি।
শনিবার ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ র্যালি’ শুরুর আগে সাংবাদিকদের উদ্দেশে মেয়র বলেন, ‘গতকাল একটি পত্রিকা আমার বক্তব্য নিয়ে নিউজ করেছে, এতে অনেকেই মনে কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি তাদের উদ্দেশে বলতে চাই, আমি ওভাবে বলতে চাইনি। আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
‘চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ও ডিএনসিসির কার্যক্রম’ নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ‘আপনার ঘরের ভেতরে গিয়ে আমি মশারি টানাতে পারব না। আপনার চৌবাচ্চায় আমি ওষুধ লাগাতে পারব না। আপনার ঘরের ভেতর সামান্য স্বচ্ছ পানিতে যে মশা জন্মাচ্ছে, সেটা আমি মারতে পারব না।’
করপোরেশনের যেখানে মশা মারার কথা তার চেয়ে বেশি মারা হচ্ছে বলে শুক্রবারের ওই সংবাদ সম্মেলনে দাবি করলেও আজ শনিবার মেয়রের কার্যালয়ের সামনে থেকে র্যালির শুরুর আগে দেয়া বক্তব্যে মশা নিধন কাজে কর্মীদের কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান আনিসুল হক।
মেয়র বলেন, ‘গত মাসেই কর্তব্যে অবহেলার জন্য ১০৯ জন কর্মীর চাকরি গেছে। আমরা আরো কিছু অভিযোগ পেয়েছি, দায়িত্বে অবহেলা করার জন্য যত শিগগির সম্ভব ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/এএম।
