স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত। খালেদা জিয়াই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন।২০০৭ সালে তিনি ইয়াজউদ্দিনকে প্রেসিডেন্ট হিসেবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেন। সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়। এরপর সংবিধান সংশোধনী করে ওই বিতর্কিত বিধান বাতিল করা হয়েছে। এতে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। আগামীতে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আবারো আওয়ামী লীগই জয়ী হবে।'
শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউস অডিটোরিয়ামে জেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন। এসময় তিনি বলেন, 'বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন, তাই নির্বাচন কমিশনই আগামী সংসদ নির্বাচন পরিচালনা করবে।' তিনি জোর দিয়ে বলেন, 'আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।'
ওই সভায় জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু, পাবনা -৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রিয়াজুল হক, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, ফরিদপুর পৌর মেয়র খম মাজেদ প্রমুখ। সভায় পাবনার নয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ সাংবাদিক শিক্ষকসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
