বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সহায়ক সরকারের দাবিটা জনগণের। কারণ জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বিঘ্নে আগামী নির্বাচনে ভোট দিতে চায়। এমন সহায়ক সরকার দরকার যারা নির্বাচনে অংশগ্রহণকারী কোন দলের পক্ষ গ্রহণ বা স্বার্থ সংরক্ষণ করবে না।'
তিনি বলেন, 'বর্তমান যে সরকার তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, ফলে জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব ও দায়বদ্ধতা কাজ করে না। অনির্বাচিত সরকার থাকায় দেশে দুর্নীতি-সন্ত্রাস দানা বেঁধেছে। মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। তবে বিএনপি সহায়ক সরকারের যে রূপরেখা দেবে, তা তারা না মানলে জনগণ কি ভাষায় তার জবাব দেবে তা সময় নির্ধারণ করবে।'
শনিবার দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে পাবনা জেলা বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে একথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাড. সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা প্রমুখ।
ইত্তেফাক/জামান
