এখনই লেভেল প্লেয়িং ফিল্ড চাই: মওদুদ

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২০:২১
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টর মওদুদ আহমেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করার জন্য এখন থেকেই কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনের তিন মাস আগে আপনার লেভেল প্লেয়িং ফিল্ড চাই না। এক মাস আগে, দুই মাস আগে বলবেন যে, আপনারা সভা-সমিতি করেন। নো, এই লেভেল প্লেয়িং ফিল্ড এখন থেকেই নিশ্চিত করতে হবে, এখন থেকেই। তাহলেই আমরা বুঝব, দেশে সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কি হবে না।
 
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় মওদুদ আহমেদ এ মন্তব্য করেন। ‘দেশে অব্যাহত গুম-খুন-অপহরণ: শঙ্কিত নাগরিক সমাজ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন। মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, স্বাধীনতা ফোরামের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক ফোরামের আবদুল্লাহহিল মাসুদ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা, ইসলামী পেশাজীবী পরিষদের রেজাউল করিম চৌধুরী, স্বাধীনতা অধিকার আন্দোলনের কাজী মনিরুজ্জামান মুনির বক্তব্য রাখেন।
 
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারি খরচে নির্বাচনী প্রচার করছে। অথচ নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। ক্ষোভ প্রকাশ করে মওদুদ বলেন, আ স ম আবদুর রবের বাসায় বাংলাদেশের স্বনামধন্য অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তারা যা খুশি আলোচনা করতে পারেন, এটাতে আইনগত তো কোনো বাধা নাই। সেখানে পুলিশ যাবে কেন? আমি তীব্র ভাষায় এর নিন্দা জানাই। এটার একমাত্র কারণ রাজনৈতিক নেতৃত্বের মাইন্ডসেট যে আমিই সব কিছু করব।
 
তিনি বলেন, আমিই সব কিছু করবো, আই অ্যাম দি স্টেট’- এই কর্তৃত্ববাদের আমরা অবসান চাই, এই কর্তৃত্ববাদ আমরা নির্মূল করে দিতে চাই। সেটা করার একমাত্র উপায় হল, জনগণের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেটা আমরা করতে পারি। তিনি বলেন,এই কারণে একটা ন্যূনতম কর্মসূচির উপরে ভিত্তি করে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। এর মূল্য লক্ষ্য হবে দেশে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। এজন্য আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, এক দফা। এখানে পাঁচ দফা ১০ দফার তো দরকার নাই।
 
তিনি বলেন, আমরা সমঝোতার কথা সবাই বলে এসছি। সরকার যদি সেটা না বুঝেন আপনারা বলছেন যে, তারা তো ক্ষমতাচ্যুত হতে চাইবেন না, তারা দুর্নীতির মাধ্যমে এত সম্পদের সম্ভার তৈরি করেছেন, সেই সম্ভার হারিয়ে ফেলতে পারে- এই ভয়ে তারা ক্ষমতা ছাড়তে চাইবে না। সেজন্য তাদের ওপর চাপ সৃষ্টি করতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। আমাদের অনেকের ক্ষোভ-দুঃখ-বেদনা, অনেক অভিযোগ ও অনেক রকমের দ্বিমত থাকতে পারে কিন্তু একটা বিষয়ে আমরা আসুন একমত হই-দেশে গণতন্ত্রের চর্চা ফিরিয়ে আনতে আনব।
 

ইত্তেফাক/এএম।