বগুড়ায় পানি কমলেও দুর্ভোগ কমেনি

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২১:১২
 
বগুড়ায় বন্যার পানি কমতে শুরু করলেও বন্যার্তদের দুর্ভোগ এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বানের পানি নামতে শুরু করলেও কোথাও কোথাও নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে নদী ভাঙন আতঙ্কে রয়েছে বন্যা দুর্গত এলাকার মানুষ।
 
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনায় ৪ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৫৪ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানীয়জল ও গো খাদ্যের অভাব দিয়েছে। একই সঙ্গে কোনো কোনো চরে ভাঙন দেখা দেওয়ায় দুর্গতদের দুঃখ-দুর্দশা আরও বেড়ে গেছে।
 
নদী ভাঙনের কারণে তাদের বাড়িঘর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে। এদিকে উপজেলার চকরথিনাত, করমজাপাড়া, ভাঙ্গরগাছা, মানিকদাইড়, পাকুরিয়া, বেড়াপাঁচবাড়িয়া, শংকরপুর, ধারাবর্ষসহ ১০টি চরে যমুনার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনে তিন শতাধিক পরিবারের বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। চাহিদার তুলনায় দুর্গত এলাকায় সরকারি-বেসরকারি এাণ তৎপরতা অপ্রতুল। ওইসব এলাকায় বিশুদ্ধ পানীয়জল ও গো খাদ্যেও সংকট দেখা দিয়েছে।
 
সরেজমিন দেখা গেছে, চন্দনবাইশা, কামালপুর ও কুতুবপুর ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া নিজ কর্ণিবাড়ি গ্রামের মাহবুবুর রহমান (৫৫), মনেজা বেগম (৬৫), নয়াপাড়া গ্রামের মফিজ শেখ, ঘুঘুমারি গ্রামের চিনি বেগম (৯৫) বয়রাকান্দি গ্রামের অফের সাকিদার, সাহেদা বেগম, গোলাম রব্বানীর স্ত্রী জুবেদা বেগম, হাতেম আলীর স্ত্রী মিনতী বেগম, ফরিদ মণ্ডলের স্ত্রী রিতা আকতার, জাহিদুলে স্ত্রী সহিদা, প্রতিবন্ধী আশাদুল, ধলিরকান্দি গ্রামের সোহরাফ আকন্দের স্ত্রী বেগুনি বেগম বলেন, 'গত কয়েকদিন ধরে পরিবার নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছি। এখন পর্যন্ত কোনো ত্রাণ পাইনি। সন্তানদের নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছি।'
 
এদিকে জেলা প্রশাসনের হিসেব মতে চলমান বন্যায় বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা এই ৩টি উপজেলার মোট ৯৩টি গ্রামের ১৭ হাজার ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, পাঁচ হাজার ৮৫ হেক্টর জমির ফসল, একশ' পুকুর পানিতে তলিয়ে গেছে। এছাড়াও বন্যার পানির তোড়ে মোট ৬৫ কিলোমিটার কাচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে ৬০ কিলোমিটার সড়ক কাঁচা। বগুড়ার জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান