চোখ ও পায়ের চিকিৎসা এবং পুত্র-নাতনীদের সাথে সময় কাটানোর জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন বেগম জিয়া। দুবাইয়ে দুই ঘণ্টার যাত্রাবিরতির পর আজ রবিবার সকালে লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিমানবন্দরে বিদায় জানান- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তিনি লন্ডনে আগামী ঈদুল আজহা উদযাপন শেষে দেশে ফিরতে পারেন। ২০০৬ সালের পর যুক্তরাজ্যে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর।
একই বিমানে লন্ডন গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এছাড়া শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ব্যাংকক থেকে লন্ডন গেছেন।
লন্ডনে পুরো সময়টা তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করবেন। এছাড়া সফরে যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।
সর্বশেষ ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেখানে বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবার এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়েদের নিয়ে ঈদ উদযাপন করেন তিনি। এর আগে ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেক রহমানকে দেখতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। লন্ডনে বর্তমানে তারেক রহমান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ছাড়াও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান রয়েছেন।
বিমানবন্দরে নেতাদের ভিড়
এদিকে খালেদা জিয়াকে বিদায় জানাতে বিকাল থেকে বিমানবন্দরের প্রবেশমুখে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। এতে টার্মিনালে যেতে বিএনপি নেতা-কর্মীরা বাধার মুখে পড়েন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান। ভিআইপি টার্মিনালের বাইরে সড়কের পাশে দাঁড়িয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল্লাহ আল নোমান, মীর নাসির, আবদুল মান্নান, আবদুস সালাম, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, নাজিমউদ্দিন আলম প্রমুখ নেতৃবৃন্দ দলের প্রধানকে বিদায় জানান। পুলিশ বিমানবন্দরের প্রবেশ পথে নেতা-কর্মীদের প্রবেশ করতে দেয়নি। খিলক্ষেতের হোটেল লা ম্যারিডিয়ান থেকে শুরু করে বিমানবন্দরের প্রবেশ পথ পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মী দলের নেত্রীকে হাত নেড়ে বিদায় জানান। বনানী থেকে নেতা-কর্মীদের ভিড় ডিঙিয়ে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে নিতে নিরাপত্তা কর্মীদের প্রচণ্ড বেগ পেতে হয়। রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
ইত্তেফাক/এমআর
