উইম্বলডন পুরুষ ফাইনাল আজ

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৩:২৪
 
উইম্বলডনের পুরুষ ফাইনালে আজ রবিবার মুখোমুখি হচ্ছে ফেদেরা-কিলিচ। আজ মারিন কিলিচকে হারাতে পারলে অষ্টমবারের মতো অল ইংল্যান্ড ক্লাবের সবুজ ঘাসে বিজয়ীর হাসি হাসবেন রজার ফেদেরার। ছাড়িয়ে যাবেন কিংবদন্তি পিট সাম্প্রাস এবং উইলিয়াম রেনশ-কে। ১৯৯০ এর দিকে সাতটি উইম্বলডন শিরোপা জিতেছিলেন সাম্প্রাস। রেনশের ইতিহাস অনেক আগের। ১৮৮০ সালের দিকে সাতবার বিজয় গর্বে ভেসেছিলেন গ্রেট ব্রিটেনের খেলোয়াড়।
 
উন্মুক্ত যুগে উইম্বলডনে সবচেয়ে বেশি বয়সী চ্যাম্পিয়ন হবার রেকর্ড হাতছানি দিচ্ছে ফেদেরারকে। ফেদেরারের বর্তমান বয়স ৩৫ বছর ৩৪২ দিন। উন্মুক্ত যুগে এই বয়সে অল ইংল্যান্ড ক্লাবে বিজয়ী হতে পারেননি কেউ। ১৯৭৪ সালে কেন রোসেলের পর সবচেয়ে বেশি বয়সী হিসেবে আজ ফাইনাল খেলবেন সুইস কিংবদন্তি। উইম্বলডনে এটি তার ১১তম ফাইনাল। যে রেকর্ড নেই অন্য কারো।
 
রড লেভারের পর ৩০ কিংবা তার বেশি বয়সী খেলোয়াড় হিসেবে একই বছর দুটি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড আছে শুধু অস্ট্রেলিয়ান কিংবদন্তি রড লেভারের। আজ সেই কৃতিত্ব ছোঁয়ার হাতছানি থাকছে ফেদেরারের সামনেও। চলতি বছর অস্ট্রেলিয়ার ওপেনের কাব্যিক লড়াইয়ে রাফায়েল নাদালকে হারিয়ে ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন সুইস কিংবদন্তি।
 
গ্র্যান্ড স্লাম আসরে আজ চতুর্থবারের মতো লড়বেন ফেদেরার এবং কিলিচ। এর আগে তিনবারের দেখায় ২-১ ব্যবধানে এগিয়ে আছেন ফেদেরার। তার একমাত্র হারটি ছিল ২০১৪ সালের ইউএস ওপেনে। সেবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলেন কিলিচ। বস্তুত, এটাই তার ক্যারিয়ারে একমাত্র গ্র্যান্ড স্লাম শিরোপা। আজ শিরোপা জিতলে প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে একাধিক গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখাবেন তিনি।
 
ইত্তেফাক/এমআর