সেনেগালে ফুটবল মাঠে দেয়াল ধস, নিহত ৮

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৫:৫২
সেনেগালের রাজধানী ডাকারে ফুটবল স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে দেয়াল ধসে ও পদদলিত হয়ে আটজন প্রাণ হারিয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪৯ জন। 
 
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, খেলার অতিরিক্ত সময়ে ২-১ গোলের ব্যবধানে থাকা প্রতিদ্বন্দ্বী ইউএস ওয়াকাম ও স্টেড দ্য এমবুরের সমর্থকদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এতে পুরো স্টেডিয়ামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমর্থকেরা ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি শুরু করে। এর একপর্যায়ে স্টেডিয়ামের দেয়াল ধসে হতাহতের এই ঘটনা ঘটে।
 
উল্লেখ্য, আফ্রিকাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ নতুন কিছু নয়। দুই মাস আগে আফ্রিকান দেশ এঙ্গোলায় ফুটবল মাঠে সহিংসতায় পদদলিত হয়ে ১৭ জন নিহত ও অনেকে আহত হয়েছিলো। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির