অমরনাথে পুণ্যার্থী বোঝাই বাস খাদে, নিহত ১৬

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৮:২৫
ভারত-শাসিত কাশ্মীরের রামবান জেলার অমরনাথে বাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ১৬ পুণ্যার্থী নিহত হয়েছেন। রবিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। 
 
পুলিশ সূত্রে জানা যায়, পুণ্যার্থী বোঝাই একটি বাস বানিহালের কাছে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ে। পুণ্যার্থীদের নিয়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি খাদে পড়ে যায়। রামবানের পুলিশ সুপার মোহন লাল জানিয়েছে, চাকা পিছলে যাওয়াতেই এই বিপত্তি। উদ্ধারকাজে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। গুরুতর আহতদের দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে। 
 
অমরনাথে পুণ্যার্থীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বলেন, ‘বাস দুর্ঘটনায় অমরনাথ যাত্রীদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
 
IMG0
 
গত ১০ জুলাই অমরনাথে যাওয়ার সময় বাতেঙ্গুর কাছে পুণ্যার্থীবোঝাই একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় প্রাণ যায় ৮ জনের। আহত হন বহু পুণ্যার্থী। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির