‘আমিষের চাহিদা পূরণে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে’

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৯:০১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিষের চাহিদা পূরণে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার থেকে ‘জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৭’ উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে তিনি এ আহবান জানান।
 
শেখ হাসিনা বলেন, খাদ্যে আমিষের চাহিদা পূরণে মৎস্যসম্পদ উন্নয়ন, মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও গুরুত্ব সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার মাধ্যমে দেশে মাছের উৎপাদন বাড়াতে হবে। 
 
জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও তিনি মনে করেন। 
 
মৎস্যখাতকে সরকারের অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিগত সাড়ে আট বছরে আওয়ামী লীগ সরকার এখাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর ফলে জাতীয় অর্থনীতিতে মৎস্যখাতের ভ‚মিকা বৃদ্ধি পেয়েছে। এখাতে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
 
তিনি বলেন, আমরা প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। যার ফলে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে ২০১৫-১৬ অর্থবছরে ৩৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্য আহরণে আমাদের স্থান বিশ্বে চতুর্থ। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি