‘অনেকদিন আলাদা থাকার পর ডিভোর্সের সিদ্ধান্ত নিই’: নিলয়

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১০:৫৭
 
আবারো বিচ্ছেদের খবর। দেশিয় শোবিজে এই বিচ্ছেদ-ছাড়াছাড়ির সংবাদটি যেন দুধ-ভাত ব্যাপার হয়ে  দাড়িয়েছে। এবারের শিরোনামে ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি নিলয় ও শখ। 
 
শখ-নিলয়ের ক্যারিয়ারের প্রায় শুরুর দিকেই শোনা যায় তাদের প্রেম সংবাদ। সেই খবরের পর আবারো প্রেম বিচ্ছেদ। এরপর হঠাৎ করেই আবারো প্রেম নিয়ে শিরোনামে আসেন তারা। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। তাও কোনো জাকজমকভাবে নয়।
 
শখের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। এরপরের খবর অনুযায়ী বেশ ভালোভাবেই সংসার চলছিল তাদের। তবে এ মাসের শুরুতেই হঠাৎ করেই গুঞ্জন ছড়ালো নিলয়-শখের বিবাহ বিচ্ছেদ হচ্ছে।
 
বিষয়টি নিয়ে  দুজনের কেউই এতদিন কোনো কথা বলেননি। শেষ পর্যন্ত বিচ্ছেদের খবর জানালেন নিলয়। নিলয় বলেন, ‘অনেকদিন আলাদা থাকার পর ডিভোর্সের সিদ্ধান্ত নেই। তবে এখনো ডিভোর্স হয়নি। প্রক্রিয়া চলছে। ব্যক্তিগত বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না।
 
নিলয়ের উত্তরার বাসা ছেড়ে শখ এখন পুরানো ঢাকার গেণ্ডারিয়ার বাসায় চলে গেছেন। সম্প্রতি মালয়েশিয়া থেকে নাটকের কাজ শেষ করে দেশে ফিরেন শখ। অন্যদিকে নিলয়ও শুটিং নিয়ে ব্যস্ততায় সময় কাটাচ্ছেন।
 
ইত্তেফাক/আনিসুর