‘৭-৮ দিনের ঈদ আয়োজন বন্ধ করতে হবে’

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১২:২৫
 
ডিরেক্টর গিল্ডের সভাপতি গাজী রাকায়েত। সম্প্রতি ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন একটি সমঝোতা স্বারক চুক্তি করে। এই প্রসঙ্গ ও ঈদের নাটক নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে।
 
সম্প্রতি দুটি সংগঠনের সাথে ডিরেক্টর গিল্ডের চুক্তি প্রসঙ্গে বলুন—
 
মূলত আমরা একটি সমঝোতা স্বারক চুক্তি করছি। এখন আমরা যেই কাজগুলো করবো সটি এই চুক্তি অনুসারে করবো। ২০১০ সালে এই তিনটি সংগঠনের মাঝে একটি চুক্তি হয়। কিন্তু নানা কারণে সেই উদ্দেশ্য সফল হয়নি। আবারো নতুন করে কাজ করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।
 
এই জোট হওয়া উদ্দেশ্য কী?
 
সবাই একসাথে কাজ করা, একটি কমন প্লাটফর্মে কাজ করাই উদ্দেশ্য। আমরা জাতীয় পর্যায়ে কোনো কাজ যখন করবো তখন একটি সংগঠন থেকে করার চেয়ে জোট হয়ে কররে কাজটি সহজ হয়।
 
ডাবিং সিরিয়াল নিয়ে অনেকদিন কোনো আলোচনা নেই, হঠাৎ করেই আপনারা সবাই চুপ হয়ে গেলেন। এর কারণ কী বলবেন?
 
চুপ করে বা থেমে যাইনি আমরা। কাজ চলছে। বিষয়টি নিয়ে কাগজপত্র সরকারের কাছে জমা দেওয়া আছে। সরকার থেকেই এই পদক্ষেপ নেওয়া হবে। তবে যেহেতু কার্যক্রমটির সময় দীর্ঘ হচ্ছে তাই এই মাসের ২৫ তারিখ আমরা সরকারের সাথে বসবো। আশা করছি সেখান থেকে আমরা নতুন কোনো তথ্য নিয়ে আসবো। আমরা এর আগেও সরকারের সাথে কথা বলেছি। কারণ অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা বলেছি এই সমাধান দ্রুত না হলে আমরা আন্দোলনে যাবো। সরকার আমাদের আস্বস্ত করেছে। আর আমরাও বিশ্বাস করি সরকার এটির গুরুত্ব যথা সম্ভব দিবে।
 
চ্যানেলগুলোর সাথে এখন পর্যন্ত এসব ইস্যু নিয়ে আপনারা কোনো আলোচনায় গিয়েছেন?
 
হ্যাঁ, আলোচনা তো আমরা করছি। আজকেও (গতকাল) আমি এটিএন বাংলায় যাবো। প্রতিটি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে আমরা বসবো। কারণ আমাদের আজকে টেলিভিশন কেন্দ্রিক যা কিছু আছে তার গড়তে সময় লেগেছে। অনেকে পরিশ্রম রয়েছে। আমাদের সংস্কৃতিটা আমাদের ধরে রাখতে হলে সবার সহযোগিতাই প্রয়োজন। আর আমাদের এই তিনটি সংগঠন আগামী মাস থেকে নিকেতনে একটি কার্যালয় নিয়ে বসবো। সেখান থেকে একসাথে আমরা কাজ শুরু করবো।
 
রোজার ঈদের আমেজ শেষ না হতেই কোরবানি ঈদের জন্য নাটক নির্মাণের প্রস্তুতি চলছে। এবার ঈদের নাটকগুলো নিয়ে আপনার মন্তব্য কী?
 
এবার মনে হয় প্রায় ৬০০ নাটক প্রচার হয়েছে। এতগুলো নাটক কী দেখা সম্ভব! তাহলে মন্তব্য কী করবো। সবার আগে এই ৭-৮ দিনের ঈদ আয়োজন বন্ধ করতে হবে। আগে ৩-৪ দিন ঈদ আয়োজন ছিল সেটাই ভালো ছিল। তবে মন্তব্য করতে হলে বলবো গত ঈদের চেয়ে এবারের নাটকের মান তুলনা মূলত ভালো।
 
ইত্তেফাক/আনিসুর