সানচেজের আশা ছেড়ে দিয়েছে বায়ার্ন

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৭:৪৪
আর্সেনাল স্ট্রাইকার এ্যালেক্সিস সানচেজকে দলে ভেড়ানোর আশা বায়ার্ন মিউনিখ ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান কার্ল-হেইঞ্জ রুমেনিগে। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির আগ্রহে গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ থেকে কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজকে দলভুক্ত করেছেন বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। 
 
সে কারণেই বায়ার্ন চিলির তারকা সানচেজের ব্যাপারে আর বিড করবে না বলেই নিশ্চিত করেছে। এ বিষয়ে রুমেনিগে স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ‘আমরা এখন আর এই বিডের সাথে জড়িত নই। আমরা কোচের সাথে একমত হয়েছি যে আক্রমণভাগে আর নতুন খেলোয়াড় নেব না। রদ্রিগেজকে নেবার পরে নতুন করে কাউকে নেবার কোন অর্থ নেই।’
 
চিলির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ২৮ বছর বয়সী সানচেজকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সাথে বায়ার্ন বেশ জোড় তৎপরতা চালাচ্ছিল বলেই দলবদলের বাজারে গুঞ্জন রয়েছে। আর্সেনালের সাথে সানচেজের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি রয়েছে। কিন্তু গানার্সদের সাথে চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে দ্বিমত চলছিল। 
 
গত মাসে কনফেডারেশন্স কাপে চিলি জাতীয় দলের হয়ে খেলার কারনে অস্ট্রেলিয়া ও চায়নায় প্রাক মৌসুম সফরে বিশ্রামে রয়েছেন সানচেজ। বুধবার সাংহাইয়ে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে বায়ার্ন প্রাক মৌসুম সফর শুরু করবে। গোল.কম।
 
ইত্তেফাক/সাব্বির