সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সিদ্ধান্ত

ল’ রিপোর্টার্স ফোরাম পর্যবেক্ষক সদস্য

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৯:১৪
 
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভায় পর্যবেক্ষক সদস্য হিসাবে যোগ দিতে পারবে ল’ রিপোর্টার্স ফোরাম।ফোরামের মনোনীত একজন সদস্য সভায় যোগ দিতে পারবেন। আজ মঙ্গলবার লিগ্যাল এইড কমিটির অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।
 
লিগ্যাল এইড অফিসে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। এতে যোগ দেন সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম. আমিনউদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। 
 
এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় লিগ্যাল এইড কমিটির বৈঠকে ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদেরকে প্রতিনিধি হিসাবে অন্তর্ভূক্ত করা যায় কিনা সেই বিষয়ে প্রস্তাব রাখা হয়েছিলো। তখন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম বিষয়টি নিয়ে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। এরপরই আজ অনুষ্ঠিত এক বৈঠকে পর্যবেক্ষক হিসাবে ল’ রিপোর্টার্স ফোরমকে অন্তর্ভূক্ত করা হয়। কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফোরাম সদস্যরা। 
 
ইত্তেফাক/কেকে