‘গণতন্ত্র ও সামাজিক ইস্যুতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ’

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২১:৩১
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘গণতন্ত্র, উন্নয়ন, স্বাস্থ্য ও উদ্ভাবনের মতো ইস্যুতে গনমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার ইউনিসেফ ও পাঁচটি টিভি চ্যানেলের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আলোকে শিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এতে একটি নতুন অধ্যায় সূচিত হবে।’
 
আজ মঙ্গলবার ইউনিসেফ ও পাঁচটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
ইউনিসেফ এই কর্মসূচির অধিন টিভি চ্যানেলগুলোকে অনুষ্ঠান তৈরি করে দিবে এবং টিভি চ্যানেলগুলো এ সব অনুষ্ঠান বিনামূল্যে প্রচার করবে।
 
হাসানুল হক ইনু শিশুদের জন্য ইউনিসেফ তৈরি শুধু একটি অনুষ্ঠান না রেখে তাদের নিজস্ব কিছু অনুষ্ঠানও রাখার অনুরোধ জানান।
 
মন্ত্রী শিশু শ্রম ও বাল্য বিবাহের উল্লেখ করে বলেন, এটি বন্ধে সরকার সবোর্চ্চ গুরুত্ব দিয়েছে। মাতৃ স্বাস্থ্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরো বলেন, শিশু জন্মের আগে, জন্মের সময়ে ও জন্মের পরে গর্ভবতী মায়ের যথাযথ পুষ্টি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
 
মন্ত্রী শিশু নির্যাতনের ঘটনার উল্লেখ করে বলেন, শেখ হাসিনার সরকার শিশু নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।
 
অনুষ্ঠানে ইউনিসেফ ও টিভি চ্যানেলগুলোর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে