ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে নতুন ৫ উড়োজাহাজ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৩:০৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে নতুন পাঁচটি উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে। বহরে যুক্ত হওয়ার পর সেগুলো দিয়ে ঢাকা থেকে চেন্নাই, কলম্বো ও মালে রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম। 

 

কামরুল ইসলাম জানান, তার প্রতিষ্ঠান নতুন পাঁচটি অত্যাধুনিক উড়োজাহাজ বহরে যুক্ত করবে। এগুলো ভারতের চেন্নাই, শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে রুটে চলবে। পাশাপাশি অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। আগামী বছরের শুরুতে সংস্থাটির বহরে অত্যাধুনিক এই পাঁচটি উড়োজাহাজ যুক্ত হবে। 

 

কামরুল ইসলাম বলেন, ‘ইউএস-বাংলা উন্নত যাত্রীসেবা ও নিরাপত্তার বিষয়ে প্রাধান্য দিয়ে থাকে। প্রত্যেকটি উড়োজাহাজ উড্ডয়নের আগে নিয়মানুযায়ী নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়। কোনো প্রকার ঘাটতি থাকলে সংশ্লিষ্ট পাইলট উড়োজাহাজ পরিচালনা থেকে বিরত থাকে।’ 

 

বর্তমানে সাতটি উড়োজাহাজ দিয়ে সাত দেশে ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা বিবেচনা করে নতুন পাঁচটি উড়োজাহাজ আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।