তথ্যপ্রযুক্তির এই যুগে যোগাযোগের সব মাধ্যমই হয়ে উঠেছে অনলাইন। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সবচেয়ে এগিয়ে। এই মাধ্যমের কারণে বিলুপ্তপ্রায় এক সময়ের যোগাযোগ বাহন চিঠি। তবে যোগাযোগের সহজ মাধ্যমও যে বিপদের কারণ হয়ে উঠতে পারে- সেটি পেলেন এই তাইওয়ান পুরুষ।
আপনি কি কখনো আপনার স্বামী বা স্ত্রীর পাঠানো টেক্সট মেসেজ উপেক্ষা করেছেন? তাহলে এখনই সাবধান হোন, এটা কিন্তু আপনার বিরুদ্ধে কোর্টে ব্যবহার করা হতে পারে। হাস্যকর মনে হলেও এমনই এক ঘটনায় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন এক নারী।
তার পাঠানো টেক্সট মেসেজ পড়ার পরও স্বামী কোন জবাব না দেওয়ায় দারুণ চটে যান তিনি। স্বামী টেক্সট মেসেজগুলো পড়ছেন কীনা তা জানার জন্য তিনি ব্যবহার করেছিলেন বিশেষ ধরনের একটি অ্যাপ্লিকেশন। স্বামীর এমন আচরণে ক্ষুব্ধ হয়ে পারিবারিক আদালতে অভিযোগ নিয়ে হাজির হন স্ত্রী।
শেষ পর্যন্ত সব কিছু যাচাই করে তাইওয়ানের শিনচু ডিস্ট্রিক্ট আদালত বিবাহ বিচ্ছেদের পক্ষে স্ত্রীর অনুকূলে রায় দেয়। স্ত্রী আদালতে বোঝাতে সক্ষম হন, একবার গাড়ি দুর্ঘটনার পর বিষয়টি স্বামীকে জানানোর পরও তিনি কোনো জবাব দেননি। অবশ্য বিবাহ বিচ্ছেদের এই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করার সুযোগ পাবেন স্বামী। খবর বিবিসি।
ইত্তেফাক/আনিসুর
