‘রূপার জন্য ভালোবাসা’

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১০:৪৫
 
বাংলা সাহিত্যের কিংবদন্তী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ, আজ ১৯ জুলাই এই প্রখ্যাত ব্যক্তিত্বের প্রয়াণ দিবস। এ উপলক্ষে তাঁর প্রেমের গল্প অবলম্বনে রাজু আলীমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘রূপার জন্য ভালোবাসা’। চিত্রগ্রহণ করেছেন জোবায়েদ হোসেন তুফান।
 
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী ঈশানা খান ও মুমতাহিনা টয়া, শহিদুল আলম সাচ্চু, কাজী উজ্জল, ইকবাল বাবু, রিয়াজ হোসেন, মাহবুব আলম, মুনা চৌধুরী প্রমুখ। এ টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
 
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে- রূপা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনা করে। রূপার রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পরে এক যুবক। রূপার জন্য সে তার পিছন পিছন ঘুরে বেড়ায় কিন্তু তার ভালোবাসার কথা মুখ ফুটে প্রকাশ করতে পারে না। সে কৌশলে রূপার গাড়ি চালকের কাছ থেকে তার বাসার ঠিকানা সংগ্রহ করে। প্রেমে উন্মাদ হয়ে সে রূপার বাড়িতে গিয়ে আমরণ অনশনে বসে পরে। রূপার বাড়ির লোকজন বিব্রত হয়। 
 
চলতে থাকে নানান জল্পনা কল্পনা। সবার ধারণা রূপার সাথে নিশ্চয় ছেলেটির সম্পর্ক আছে। রূপা সবাইকে বুঝানোর চেষ্টা করে যে সে ছেলেটিকে চেনে না কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। বাড়ির দারোয়ান থেকে শুরু করে রূপার বাবা পর্যন্ত ছেলেটিকে বুঝায় কিন্তু সে নাছোড়বান্দা। সে রূপার ভালোবাসার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই বাড়ি থেকে এক পা নড়বে না....
 
ইত্তেফাক/আনিসুর