পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে রণজিৎ সাহা (৪০) নামের এক জুয়াড়ি মারা গেছে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে ভবানীপুর গ্রামের রবি সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একদল জুয়াড়ি মাশুমদিয়া হাইস্কুলের পিছনে আমবাগানে জুয়া খেলছিল। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়। রণজিতসহ কয়েকজন পাশের আত্রাই নদীতে ঝাঁপিয়ে পড়ে। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও রণজিৎ পানিতে ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। বুধবার সকাল পৌনে ৭টার দিকে তার লাশ ভেসে উঠলে স্বজনেরা তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এ সময় আমিনপুর থানার পুলিশ উপস্থিত ছিল।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড এম তাজুল হুদা জানান, মঙ্গলবার রাতে পুলিশ অন্য একটি কাজে মাসুমদিয়া গ্রাম দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালায়। পুলিশ কাউকে ধাওয়া করেনি। তিনি আরো জানান, পুলিশ বুধবার সকালে জানতে পারে একজন জুয়াড়ি পানিতে ডুবে মারা গেছে।
ইত্তেফাক/এমআর
