সিলেটে পানিতে ডুবে তিনজনের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৮:৫৯
 
সিলেটের গোয়াইনঘাট উপেজেলার বিছনাকান্দিতে বুধবার সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সূর্য খান (২২) নামে এক পর্যটক মারা গেছেন। অন্যদিকে মঙ্গলবার ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
 
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, মাদারীপুর জেলার ছেলে সূর্য খান ঢাকার উত্তরার বাসিন্দা। তিনি লাভা মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে সূর্য খানসহ ৪০ জনের একটি টিম বিছনাকান্দি বেড়াতে আসেন। সেখানে পানিতে গোসল করতে নেমে সূর্য তলিয়ে নিখোঁজ হন। স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
 
এদিকে সিলেট মঙ্গলবার ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবিতে দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- নুরপুর গ্রামের জুম্মা টিলার লতিফ মাস্টারের ছেলে শিহান আহমেদ (২৭) ও সিলেট দরগাহ মহল্লার আব্দুল মতিনের ছেলে  ওহিদ মতিন রিয়াদ (২৬)।  নিহতের এক প্রতিবেশী জানান, মঙ্গলবার রাত ১১টায় তারা কয়েকজন স্থানীয় গালি-বিলে নৌকা চড়তে যান। এসময় হঠাৎ নৌকাটি ডুবে যায়।
 
নিহতের বড় ভাই শিহাব আহমেদ ও আরো দুই জন তীরে উঠে আসলেও ডুবে যান শাহান ও রিয়াদ। তাদের চিৎকারে আশপাশ লোকজন ছুটে এসে বিলের পানিতে খুঁজেও তাদের পাওয়া যায়নি। পরে ফেঞ্চুগঞ্জ দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা জানান, তাদের নিজস্ব ডুবুরী নেই। এ অবস্থায় গ্রামের কয়েক জন বিলে নেমে ঘণ্টাখানেক খোঁজার পর মরদেহ দু'টি উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/জামান