উত্তর ভারতের হিমাচল অঞ্চলে বৃহস্পতিবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় এ অঞ্চলে বাসটি গভীর গিরিখাদে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়।
পুলিশ সুপারিন্টেনডেন্ট সৌমিয়া সাম্বাসিভান জানান, হিমাচল প্রদেশের শিমলা অবকাশ কেন্দ্র থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ‘এতে ২৮ জন নিহত ও সাতজন আহত হয়। লাশগুলো সনাক্ত করা হয়েছে।’ বাসটি কিনৌর জেলা থেকে সোলানে যাওয়ার সময় প্রায় ২শ’ মিটার গভীর গিরিখাতে বাসটি পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে জরুরি বিভাগের কর্মীদের স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যাচ্ছে। গত সপ্তাহে পার্শ্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যে এক বাস দুর্ঘটনায় ১৬ তীর্থযাত্রী নিহত হয়। গত এপ্রিলে হিমাচল প্রদেশে একই ধরনের দুর্ঘটনায় ৪৪ জন নিহত হয়। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
