রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতা পল্লীতে যৌন উত্তেজক ওষুধ খেয়ে ইকলাস হোসেন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনাটি ঘটেছে। ইকলাস মানিকগঞ্জ জেলার সিংগা উপজেলার বলদারা গ্রামের বাদশা মাতব্বরের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দৌলতদিয়ার পতিতাপল্লীতে গিয়ে মাদক সেবন করার পাশাপাশি যৌন উত্তেজক ওষুধ সেবন করে ইকলাস। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সরোয়ার জাহান মো. জহির জানান, অতিরিক্ত মাত্রায় নেশা করার পাশাপাশি একাধিক যৌন উত্তেজক ওষুধ সেবন করে ইকলাস। এতে রক্ত চাপ বেড়ে তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/জামান
