সিলেটের বহুল আলোচিত শিল্পপতি রাগীব আলীর জামাতা ও তার ভাতিজা জিএম আব্দুল কাদিরকে চেক ডিজঅনার মামলার রায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত কাদিরকে তিন কোটি টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৯ সালে হাজি আবদুস সাত্তারের কাছ থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলে জিএমএ কাদির আট কোটি ৮৮ লাখ টাকা নেন। এর বিপরীতে চারটি চেক দেওয়া হয়েছিল সাত্তারকে। পরে জিএমএ কাদির সাত্তারের সঙ্গে প্রতারণা করেন।
একপর্যায়ে আবদুস সাত্তার চেক ডিজঅনার মামলা করেন জিএমএ কাদিরের বিরুদ্ধে। তিনটি মামলার একটি মামলার রায় বুধবার সিলেটের আদালতে ঘোষণা করা হয়। এই মামলায় তাকে এক বছরের সাজা প্রদান করা হয়। অন্য মামলাগুলো ঢাকার আদালতে বিচারাধীন।
মামলার বাদী আবদুস সাত্তার জানান, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমি খুশী। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হিরা জানান, আট কোটি টাকার তিন মামলার এক মামলায় তার সাজা হয়েছে। অন্য মামলায়ও আশা করি সাজা হবে।
ইত্তেফাক/জামান
