গুলশানের ৭২৫টি দোকানে বিদ্যুৎ সংযোগ প্রদানের নির্দেশ

আপডেট : ২০ জুলাই ২০১৭, ২১:৪৫
গুলশান এক নম্বর শপিং কমপ্লেক্সে মার্কেটের ৭২৫টি দোকানে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 
 
একই সঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে কিনা আগামী ৫ আগস্ট এ ব্যাপারে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে ডেসকো ও রাজউককে নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে দোকান মালিকদের পক্ষে আইনজীবী এএফ হাসান আরিফ, আব্দুল মতিন খসরু, খুরশীদ আলম খান শুনানি করেন। 
 
যথাযথ অনুমতি ব্যাতীত গুলশান এক নম্বর শপিং সেন্টার কমপ্লেক্সে মার্কেট নির্মাণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে দোকান মালিক সমিতির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য সমিতির করা আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে রাজউক ও ডেসকোকে নির্দেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন মার্কেটের জমির মালিক। 
 
গত বছরের ১৬ আগস্ট আপিল বিভাগ রায়ে বলে, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ রায় পুনর্বিবেচনা চেয়ে মার্কেটের জমির মালিক রিভিউ আবেদন দাখিল করেন। পাশাপাশি দোকান মালিক সমিতি বিদ্যুৎ সংযোগের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে পৃথক আরেকটি আবেদন করে। এ আবেদনে আপিল বিভাগ বিদ্যুৎ সংযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।  
 
 
ইত্তেফাক/ইউবি