বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে গত বুধবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমানের বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়। মামলায় জামিন বাতিল, কারাগারে প্রেরণ এবং তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব কবির বিন আনোয়ার সভাপতিত্ব করেন। সভায় রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে প্রজাতন্ত্রের প্রতিনিধির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
একটি শিশুর চিত্রাঙ্কনকে কেন্দ্র করে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্ সাজু উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানের বিরুদ্ধে মামলা করেন। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গাজী তারিক সালমান আদালতে হাজির হন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশে অভিযুক্তকে জেল হাজতে নেয়ার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তার ওপর বল প্রয়োগ করে এবং বেআইনীভাবে টেনে হিচড়ে কোর্ট হাজতে নিয়ে যায়।
সভায় রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণ, পুলিশ বাহিনীর অসৌজন্যসুলভ আচরণের তীব্র সমালোচনা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও ভিশন-২০২১ বাস্তবায়নের জন্য প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এ সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনার মূল চালিকা শক্তি। তাকে অপদস্ত করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও ভিশন-২০২১ বাস্তবায়নকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা বলে অ্যাসোসিয়েশন মনে করে। প্রধানমন্ত্রী নিজেও অটিস্টিক শিশুদের আঁকা ছবি ব্যবহার করে নানা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান। সেখানে শিশু মনে জাতির পিতার নানা অভিব্যক্তি প্রতিভাত হয়। দেশের বিরুদ্ধে চক্রান্ত প্রতিরোধে সিভিল সার্ভিসের সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
ইত্তেফাক/ইউবি
