বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ছয়টি মামলায় কারামুক্তির পর নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে আগমন উপলক্ষে নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনাকে কেন্দ্র করে কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকের এই ঘটনায় এক এসআই সহ ১০জন আহত হয়েছেন। এসময় সাতজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার পর বিএনপির কর্মীরা ফেনী-নোয়াখালী মহাসড়কে সেবারহাটের পূর্ব বাজারে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে।
এতে সেনবাগ থানার এসআই মো. সাইফুল ইসলামসহ অন্তত ১০ বিএনপি নেতাকর্মী আহত হন। তবে পুলিশ ছাড়া অন্য আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে উপজেলার সাত নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্লাহ খানসহ সাত নেতাকর্মীকে আটক করে।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক বন্ধ করে সভা করতে চায়। এসময় পুলিশের পক্ষ থেকে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই সাইফুল আহত হন। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে। পুলিশের কর্তব্যকাজে বাঁধা, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
ইত্তেফাক/জামান
