‘প্রতিটি শিক্ষার্থীকে মানবসম্পদে পরিণত করতে হবে’

আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৮:০৭
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরেপড়া রোধ করে প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা দিয়ে মানব সম্পদে পরিণত করতে হবে। তাহলেই দেশের মানুষ শিক্ষিত জাতি হিসাবে বিশ্বের দরবারে স্থান পাবে। শিক্ষকদের আরো দায়িত্ব শীল হয়ে সকল শিশুকে মানসম্মত শিক্ষা দিয়ে মানব সম্পদে পরিণত করতে হবে।
 
শনিবার দুপুরে জামালপুরে বৈশাখী মেলার মাঠে জেলা প্রাথমিক শিক্ষা ও জেলা প্রশাসনের আয়োজিত সামাজিক উদ্বুদ্ধ ও জনসচেতনতামুলক মা সমাবেশ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশই হতো না। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীর বিচার হতো না। শেখ হাসিনার জন্ম না হলে এদেশে একসঙ্গে এতোগুলো স্কুল জাতীয় করণসহ চাকরীজীবীদের এতো বেতন বৃদ্ধি পেতো না। শেখ হাসিনার জন্ম না হলে দেশীয় অর্থে পদ্মা সেতু এমনকি হাতিরঝিলের মত বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হতো না।
 
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সৈয়দ আতিকুর রহমান ছানা, বিজন কুমার চন্দ প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি