বাংলাদেশসহ ৮ টি দেশের শিল্পীদের অংশগ্রহণে গতকাল ২২ জুলাই শনিবার থেকে আর্মেনিয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০১৭। সন্ধ্যায় আয়োজন করা হয় উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। জার্মানি, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র, বাংলাদেশ, নাগার্নো কারাবাখ ও স্বাগতিক আর্মেনিয়ার জনপ্রিয় মূকাভিনয় শিল্পীদের নিয়ে বর্ণাঢ্য এই উৎসব চলবে ২৬ জুলাই পর্যন্ত।
৫ দিনের লিওনিড ইয়েঙভারিয়ান আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব অনুষ্ঠিত হবে আর্মেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের শহর সাখকাদজরে। রাজধানী ইয়েরেভান এর নিকটবর্তী এই পর্যটন শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৯শ মিটার ওপরে অবস্থিত। উৎসবে অংশ নিতে ইতোমধ্যে সব দেশের শিল্পীরা সাখকাদজরে উপস্থিত হয়েছেন।
উৎসবকে সামনে রেখে ২১ জুলাই, শুক্রবার সকালে ইয়েরেভানের ইয়ুথ থিয়েটার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পরিচালক, সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী অন্য দেশগুলোর প্রতিনিধিরা।
এসময় অন্যান্য দেশের শিল্পীদের সঙ্গে অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশের মূকাভিনয় শিল্পী মীর লোকমান। তিনি বলেন, আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উৎসব বাংলাদেশ এবং -আর্মেনিয়ার সম্পর্কোন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। শুধুই তাই নয় অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে এবং সংস্কৃতির আদানপ্রদান হবে, যা মূকাভিনয় শিল্পের অগ্রযাত্রাকে আরো সুন্দর ও সাবলীল করবে।
প্রসঙ্গত, আর্মেনিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় ও ইয়েরেভান স্টেট প্যান্টোমাইম থিয়েটার এর আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই মূকাভিনয় উৎসব। এবার হতে যাচ্ছে ৬ষ্ঠ উৎসব। এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের দুই সদস্য। তারা হলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, পরিচালক মীর লোকমান ও সদস্য সাইফুল্লাহ সাদেক।
ইত্তেফাক/আনিসুর
