বার্সেলোনাকে উদ্দেশ্য করে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন যে, তাদের ব্রাজিলীয় প্লে মেকার ফিলিপ কোতিনহোকে দলে ভেড়ানোর চেষ্টা করে বার্সেলোনা অহেতুক সময় নষ্ট করছে। ইতোমধ্যে কোতিনহোর জন্য ৯৩ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্লপ। শনিবার হংকংয়ে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ এশিয়ায় ব্রাজিলীয় ওই প্লে মেকারের দক্ষতায় এশিয়া সফররত লিভারপুল ২-১ গোলে লেস্টার সিটিকে হারিয়ে শিরোপা লাভ করে।
প্রস্তাবিত টাকার পরিমাণ আরো বাড়িয়ে বার্সেলোনা ক্লপের কাছে ফের নতুন প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিলেও জার্মান কোচ কাতালানদের জানিয়ে দিয়েছেন তাকে যেন বিরক্ত করা না হয়। তিনি ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, ‘আমি যদি বলে থাকি যে তাকে বিক্রি করবনা, তাহলে বিক্রি করবোনা। এ বিষয়ে আর তো বলার কিছু নেই। এটি ক্লাবের সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত। তাহলে কিভাবে এটি সম্ভব।’
সাম্প্রতিক সময়ে লিভারপুল লুইস সুয়ারেজকে বার্সার কাছে এবং রাহিম স্টার্লিংকে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করেছে। এরই জের ধরে কোতিনহোকে বিক্রি না করার বিষয়ে ক্লাবের কাছ থেকে ক্লপ কতটুকু নিশ্চয়তা পেয়েছেন জানতে চাইলে এই জার্মান কোচ জবাবে বলেন, ‘আমি অন্তত ২০ বার বলেছি যে কোতিনহো বিক্রির জন্য নয়।’ উল্টো দল বদলের বাজার থেকে লিপজিগের মিডফিল্ডার নাবি কেইতা ও সাউদাম্পটনের ডিফেন্ডার ভিরজিল ফন ডিককে দলে ভেড়াতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি। ক্লপ বলেন, ‘সুয়ারেজ যখন বিক্রি হয় তখন আমি এখান থেকে অনেক দূরে ছিলাম। স্টার্লিংয়ের বিক্রির বিষয়টি আমি জেনেছি অনেক পরে। তখন তার বিষয়ে আমার কিছুই করার ছিল না।’
বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্ব ছাড়ার পর ২০১৫ সালে লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করা এই কোচ বলেন, ‘এখন আমরা গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমরা আরো ভাল করতে চাই। এ কারণে আমাদেরকে ভাল খেলোয়াড়গুলো রাখতে হবে।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির
