ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, এই পার্লামেন্টই আমাকে সৃষ্টি করেছে। গতকাল রবিবার তাকে দেওয়া এমপিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন বক্তব্যে এ কথা বলেন বিদায়ী রাষ্ট্রপতি। তিনি এমপিদের দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দেন। এর আগে শনিবার প্রণব মুখার্জির সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
২০ মিনিটের বক্তব্যে প্রণব মুখার্জি পশ্চিমবঙ্গের রাজ্যসভার এমপি হওয়া থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার বিষয়টি তুলে ধরেন। প্রণব মুখার্জি পার্লামেন্টে সময়ের অপচয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারি ও বিরোধী দলকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেন। তিনি প্রধানমন্ত্রী মোদীরও প্রশংসা করেন। প্রণব মুখার্জি বলেন, ভারতের সংবিধানে কোটি কোটি মানুষের আশা ও আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। পার্লামেন্টে বিতর্ক থাকবে, কিন্তু তারপরও কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, বলেন প্রণব মুখার্জি। জীবনের ৩৭টি বছর পার্লামেন্টে কাটিয়েছেন উল্লেখ করে বিদায়ী রাষ্ট্রপতি বলেন, ৩৪ বছর বয়সে আমি পার্লামেন্টে এসে দেশ সেবা করার সুযোগ পাই। প্রেসিডেন্ট হিসেবে আমি সংবিধানকে রক্ষা ও সংরক্ষণ করার চেষ্টা করেছি, কেবল কাগজের মাধ্যমে নয়, মন থেকে। বাধ্য না হলে অধ্যাদেশ জারি করা উচিত নয় বলেও মন্তব্য করেন বাঙালি রাষ্ট্রপতি। বক্তব্যে তিনি দেশ গঠনে ও তার জীবনে ইন্দিরা গান্ধীর ভূমিকার বিষয়টিও উল্লেখ করেন। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতির হাতে স্মরক তুলে দেন এমপিরা। স্পিকার সুমিত্রা মহাজন এমপিদের স্বাক্ষর করা একটি পুস্তিকা তুলে দেন প্রণব মুখার্জির হাতে। ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রামনাথ কোবিন্দ। কাল মঙ্গলবার তার শপথ নেওয়ার কথা রয়েছে।
ইত্তেফাক/নূহু
