২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌযান শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে শ্রম ভবনে শ্রম পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা এ কথা জানান।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট পালন করার কথা ছিল। নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, দাবি দাওয়া পূরণে শ্রম পরিদপ্তরের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে।
২১ দফা দাবির মধ্যে রয়েছে ভারতের কারাগারে আটক আটজন নাবিককে দ্রুত মুক্ত করে দেশে ফেরত আনা, দেশের কারাগারে আটক নাবিকদের অবিলম্বে মুক্তি দেওয়া, ভারতগামী জাহাজের মাস্টার-চালক ও নাবিকদের উপযুক্ত পরিচয়পত্র দিয়ে ভারতে নিরাপদ অবস্থানের ব্যবস্থা করা, বন্ধ রাখা তেলবাহী জাহাজ দ্রুত চলাচলের ব্যবস্থা করা, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ নৌযানকে জরিপ সনদ না দেওয়া।
ইত্তেফাক/কেকে
