হলি আর্টিজানে হামলার কথা স্বীকার করেছেন সোহেল মাহফুজ

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৯:১৪
 
রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির নেতা সোহেল মাহফুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি হামলার প্রক্রিয়ায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
 
গতকাল রবিবার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি গুলশানের হলি আর্টিজান হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
 
আদালত সূত্রে জানা গেছে, নব্য জেএমবির গ্রেফতারকৃত নেতা সোহেল মাহফুজকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গতকাল তিনি আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
 
এর আগে গত ১৭ জুলাই সোহেল মাহফুজকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে ৯ জুলাই সোহেল মাহফুজকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
ইত্তেফাক/আনিসুর