১০টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছেন। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছেন ছেলেরা। এবার মোট ১১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্য পাস করেছে ৮ লাখ ১ হাজার ৭৭১ জন। গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। এর মধ্য ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৬১ শতাংশ।
এবার পরীক্ষায় ছাত্ররা ছাত্রীদের চেয়ে বেশি অংশগ্রহণ করলেও পাসের হারে ছাত্রীরা এগিয়ে। পরীক্ষায় মোট ৬ লাখ ২৪ হাজার ৭৭৫ জন ছাত্র ও ৫ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন ছাত্রী অংশ নিয়েছে। মেয়েরা পাসের হারে দুই দশমিক ৮২ শতাংশ বেশি। ফলের পরিসংখ্যানে দেখা গেছে, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৯৬৯ জন। এরমধ্যে ২০ হাজার ৫৩৫ জন ছাত্র এবং ১৭ হাজার ৪৩৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
বিজ্ঞানে পাসের হার বেড়েছে : এ বছর বিজ্ঞানের শিক্ষার্থী ২ লাখ ১৪ হাজার ৩৫২ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৭৮ হাজার ২২০ জন। পাসের হার ৮৩ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৯৩৫ জন। গত বছর বিজ্ঞানের শিক্ষার্থী ছিল এক লাখ ৯০ হাজার ৮৫১ জন। পাস করেছিল এক লাখ ৫৬ হাজার ৪৭৬ জন, পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।
এবার আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। এইচএসসিতে বিজ্ঞানে ৮৩ দশমিক ১৪ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৬৯ দশমিক ৬৫ শতাংশ পাস করেছে। কিন্তু মানবিকে পাস করেছে ৫৮ দশমিক ১৪ শতাংশ।
