দায়িত্ব অবহেলায় ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদারকে বৎসনা করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে সতর্ক করে আদালত বলেছে, ভবিষ্যতে এ ধরনের গাফলতি হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে পুলিশ প্রতিবেদন দেয়ায় হাইকোর্ট তাকে এই বৎসনা করে।
একই সঙ্গে রিটকারী আজাদ হোসেন ভূইয়ার হজে যাওয়ার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়কে আদালত নির্দেশ দেয়।
আজ সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ওসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহরিয়া কবির বিপ্লব। অপরদিকে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম খালেদ ও মো. কায়সার জাহিদ ভূঁইয়া।
ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ার অধিবাসী মো. আজাদ হোসেন ভূইয়া হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, জমা দিয়েছেন প্রয়োজনীয় অর্থ। কিন্তু পুলিশ প্রতিবেদনে তিনি 'ইন্তেকাল করিয়াছেন' মর্মে উল্লেখ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে গত ১৭ জুলাই তলব করে হাইকোর্ট। ওই তলব আদেশে রবিবার আদালতে হাজিরা দেন ওসি মোশাররফ। হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।
ইত্তেফাক/কেকে
