ঢাবি শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো বিষয়ে রুল

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৫:২৭
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুশদ ফরিদীকে অনির্দিষ্ট কালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপাতাহের মধ্যে ঢাবির উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), রেজিস্টার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
 
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী  ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এডভোকেট এফ এম মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন, এটর্নি জেনারেল মাহবুবে আলম ও সঙ্গে ছিলেন, ডেপুটি এটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
 
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে কোনো শিক্ষককে ছুটিতে পাঠাতে সিন্ডিকেটের কোনো এখতিয়ার নেই। তবে, শুধুমাত্র আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়েরে ভিসি পারবেন কোন শিক্ষককে ৩ মাসের ছুটিতে পাঠাতে। তিনি  আরো জানান, গত ১২ জুলাই সিন্ডিকেট সভায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
পরে এ বিষয়ে গত ১৬ জুলাইএকটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুশদ ফরিদীকে অনির্দিষ্ট কালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কারণ ব্যাখ্যা করার জন্য ৪৮ ঘন্টা সময় দেয়া হয়। কিন্তু তারা নোটিশের জবাব না দেয়ায় ২০ জুলাই বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি করে আদালত আজ এই আদেশ দেয়। বাসস
 
ইত্তেফাক/এমআর